ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীর গোডাউনে অবৈধ মজুদের ৯ লাখ টাকার সার জব্দ
মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় এক ব্যবসায়ীর গোপনে গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ৭১৫ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। সারগুলোর বাজারমূল্য আনুমানিক ৮ লাখ ৬০ হাজার ২৫০ টাকা।
গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত অভিযানটি পরিচালিত হয়।
বালিয়াডাঙ্গী উপজেলার লাহেরী ইউনিয়নের ঠুমনিয়া পাগলা বাজার এলাকায় মো. করিম উদ্দিন আপন (৩২), -এর মালিকানাধীন একটি গোডাউনে এই বিপুল পরিমাণ সার অবৈধভাবে মজুদ করা হয়েছিল। লাহিড়ী বাজারে মোঃ শাজাহান এর ভাই করিম উদ্দিন আপন। মোহাম্মদ শাহজাহানের একই পরিবারের চারটি স্যারের লাইসেন্স রয়েছে। এলাকাবাসীর তথ্য মতে শাহজাহানের সারগুলো তার ছোট ভাই আপন তার গোডাউনে রেখেছিলেন।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিজুর রহমান। সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, পুলিশ সদস্য এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
জব্দ করা সারগুলোর মধ্যে ছিল, ৪১৫ বস্তা ইউরিয়া সার, যার বাজারমূল্য প্রায় ৫,৬০,২৫০ টাকা, ৩০০ বস্তা এমওপি সার, যার বাজারমূল্য প্রায় ৩,০০,০০০ টাকা।
সব মিলিয়ে জব্দকৃত সারের ওজন ৩৫ দশমিক ৭৫ মেট্রিক টন। গোডাউনটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয় এবং ব্যবসায়ী করিম উদ্দিন আপনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং সারের নিয়ন্ত্রিত বিতরণ সংক্রান্ত বিধিমালা অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ইউএনও মফিজুর রহমান বলেন, কৃষি খাতে যেন সারের কৃত্রিম সংকট তৈরি না হয়, সেজন্য আমরা নিয়মিত মনিটরিং করছি। কেউ যদি কৃষকের ক্ষতি করে অবৈধভাবে সার মজুদ করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান তারই একটি অংশ।
তিনি আরও জানান, জব্দকৃত সার আজ প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের মধ্যে বিক্রি করা হবে এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
এ বিষয়ে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাজেদুল ইসলাম বলেন, বর্তমানে কৃষি মৌসুম চলমান, তাই সারের চাহিদা অনেক বেশি। এ সময় কেউ অবৈধভাবে সার মজুদ করলে তা সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি করে। ফলে প্রকৃত কৃষক ক্ষতিগ্রস্ত হন। এ ধরনের কর্মকাণ্ড রোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।











































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































